পাবনায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগের পর বেড়া উপজেলায় বৃশালিখা এলাকার আওয়ামী লীগ ও সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করেও ব্যর্থ হয়।
এসব ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বহু হতাহতের আশঙ্কা করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
