৪৮ ঘণ্টার লকডাউন সফল করতে দেশব্যাপী প্রস্তুতির নির্দেশ ছাত্রলীগের

অবশ্যই পরুন

২৯ ও ৩০ নভেম্বর ঘোষিত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউনসহ ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

২০ নভেম্বর জারি করা এক নির্দেশনায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নির্দেশনায় ২২ নভেম্বর শ্রমিক হত্যা ও গোপালগঞ্জের ঘটনায় প্রতিবাদ, ২৩ নভেম্বর শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, ২৪ নভেম্বর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানির মূল্য কমানো, ২৫ নভেম্বর শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ঘোষিত রায় ও ট্রাইব্যুনাল বাতিলের দাবি এবং ২৬ নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২৭ ও ২৮ নভেম্বর ৮-দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী মশাল মিছিল এবং ২৯ ও ৩০ নভেম্বর ৮-দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনায় জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌরসভা, কলেজ ও অন্যান্য সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি গ্রহণ এবং সাংগঠনিক সমন্বয় বজায় রাখার কথা বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মসূচি চলাকালে কোনো নেতাকর্মীকে মিথ্যা মামলা, সাজানো রায় কিংবা অবৈধ নিষেধাজ্ঞার মাধ্যমে হয়রানি করা যাবে না। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে জারি করা এই নির্দেশনায় ২৯ ও ৩০ নভেম্বরের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ