লকডাউন কর্মসূচি সফল করায় দেশবাসীর প্রতি শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ

অবশ্যই পরুন

বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে দাবি করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান। আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে দলটির ঘোষিত ‘দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে ৮ দফা’ দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বিবৃতিতে শেখ হাসিনা বলেন, দেশবাসীর সহযোগিতা ও অংশগ্রহণে সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও দাবি করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের লক্ষ্যে ঘোষিত ৮ দফা দাবি এখন জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে কর্মসূচিটি সফল হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক অসুবিধা ও ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার বৃহত্তর স্বার্থে জনগণের এই সহযোগিতা ও ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগও করেন তিনি। এসব ঘটনার নিন্দা জানিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ছাড়া বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগের ওপর চাপানো হচ্ছে অভিযোগ করে তিনি সরকারের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতির শেষাংশে জনগণের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে দ্রুত দেশের পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ