আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে নিষ্ক্রিয়দের সতর্কবার্তা! রাজপথে সক্রিয় না হলে পদ হারানোর শঙ্কা!

অবশ্যই পরুন

দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে দলটি। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে যারা বিভিন্ন ইউনিট, উপজেলা, জেলা ও মহানগর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কিন্তু দলীয় কোনো কর্মসূচি কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে দৃশ্যমান ভূমিকা রাখছেন না, তাদের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে থাকা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদধারী নেতাদের দ্রুত সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা দেওয়া হয়েছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদেরও।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে যারা দলীয় কার্যক্রম থেকে দূরে রয়েছেন, কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না কিংবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের সাংগঠনিক অবস্থান দৃশ্যমান করছেন না, তাদের তালিকা পর্যালোচনা করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে দলীয় কার্যক্রমে সক্রিয়তা ও সাংগঠনিক ভূমিকা দৃশ্যমান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নেতাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীদের সরব হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

দলীয় সূত্র আরও জানায়, শুধু মূল দলের নেতারাই নন, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটিতে থাকা নেতাদেরও মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পদ আঁকড়ে থাকলেও যারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন না, তাদের ভবিষ্যৎ নেতৃত্বে রাখা হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্ট-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ও নেতৃত্বের সক্রিয়তা নিয়ে নতুন করে মূল্যায়নের উদ্যোগ দলটির অভ্যন্তরীণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তবে নিষ্ক্রিয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো দলীয় ঘোষণা বা নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হয়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ