ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ; শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ায় উত্তপ্ত কালিয়াকৈর, বন্ধ ঘোষণা ৯টি পোশাক কারখানা।

অবশ্যই পরুন

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের বিরতির পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় বিজিবির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরের খাবারের বিরতি শেষে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের পাশে জড়ো হন। একপর্যায়ে সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যান চলাচল বন্ধ করে দেন তারা।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিজিবির একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং গাড়িটি ভাঙচুর করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা ধরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরে শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।


এর আগে বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে তারা সরে যান। এদিকে শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় নয়টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।


কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে শ্রমিকরা আকস্মিকভাবে সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তারা বিজিবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


তিনি আরও জানান, কয়েকটি কারখানার ফটক থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ