যুক্তরাজ্যে বসবাসের বৈধতা পেতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা বাংলাদেশি নাগরিকদের একটি অংশকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক পরিচয়ে আশ্রয় চাওয়া ব্যক্তিদের আবেদন নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর আগের আবেদনের ভিত্তি দুর্বল হয়ে পড়ায় কেউ কেউ এখন বিকল্প হিসেবে সমকামী (LGBTQ+) পরিচয়ের ভিত্তিতে আশ্রয়ের আবেদন করার পথ বেছে নিচ্ছেন।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাজ্যে আশ্রয়প্রত্যাশী বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট মহলের কেউ কেউ।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে রাজনৈতিক হয়রানি, মামলা, হামলা ও নির্যাতনের আশঙ্কার কথা উল্লেখ করে বিএনপি ও জামায়াতের পরিচয়ে অনেকেই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তাঁদের আশ্রয়ের দাবির যৌক্তিকতা ও দেশে ফেরার ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল, বাড়ছে বিকল্প পথের আলোচনা?
অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা কিংবা আবেদন বাতিল হওয়ার পর কিছু ব্যক্তি বিকল্প আইনি ভিত্তিতে যুক্তরাজ্যে থাকার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে সমকামী বা LGBTQ+ পরিচয়ের ভিত্তিতে আশ্রয়ের আবেদন করার বিষয়টি আলোচনায় এসেছে।
সমালোচকদের দাবি, প্রকৃত রাজনৈতিক নিপীড়নের শিকার না হয়েও কেউ যদি মিথ্যা তথ্য বা সাজানো পরিচয়ের মাধ্যমে আশ্রয় পাওয়ার চেষ্টা করেন, তাহলে তা যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থার অপব্যবহার।
