সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেতন-ভাতা পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে কাজে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে শিল্পাঞ্চলের প্রায় ৫০টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে সকাল ৯টার পর জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার অর্ধশতাধিক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় কয়েকজন শ্রমিক টঙ্গী-আব্দুল্লাহপুর মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
শ্রমিকদের অভিযোগ, অক্টোবর মাসের বেতন ও অন্যান্য পাওনা এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবিও জানিয়ে আসছেন তারা। এসব দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
অন্যদিকে সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও বেলা ১০টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় জড়ো হন।
পদ্মার মোড়ে পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনালের শ্রমিকেরা অবস্থান নেন। এ ছাড়া বাগবাড়ি এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপের প্রধান ফটকের সামনে বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। তবে সে সময় স্যামস স্টাইলিংয়ের নিজস্ব শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ করছিলেন।
এ পরিস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাগবাড়ি এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপসহ যমুনা গ্রুপের সব কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া সকালেও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির পর শ্রমিকদের একটি অংশ সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। কয়েক ঘণ্টা পর কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৫০টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তবে শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার মধ্যেও সাভার ও আশুলিয়ার বেশ কিছু পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত ছিল।
