নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালেও বিভিন্ন কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে, পরিস্থিতির কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে প্রবেশের পর মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন।
সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
একই ধরনের পরিস্থিতি তৈরি হয় সাভারের হেমায়েতপুর এলাকাতেও। সকাল ১০টার পর কয়েকটি কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশের একটি সূত্র জানায়, কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তবে এখন পর্যন্ত ঠিক কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি জানতে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
