১৯৭৫ সালের ৭ নভেম্বরকে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে উল্লেখ করে এদিন নিহত মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তা ও সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ নভেম্বর) আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে শেখ হাসিনা এ শ্রদ্ধা নিবেদনের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। তথাকথিত ‘বিপ্লব ও সংহতি’র আড়ালে বিপথগামী সামরিক চক্রের চক্রান্তে এদিন মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম, কর্নেল এটিএম হায়দার বীর উত্তম, কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমসহ একাধিক মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়।
শেখ হাসিনা অভিযোগ করেন, ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক ও কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেন। পরবর্তী সময়ে ক্ষমতা ধরে রাখতে সেনা, নৌ ও বিমানবাহিনীতে বিভিন্ন অভ্যুত্থানের ঘটনা এবং প্রহসনমূলক বিচারের মাধ্যমে শত শত মুক্তিযোদ্ধা কর্মকর্তা ও সৈনিককে হত্যা করা হয়।
বিবৃতিতে তিনি ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ৭ নভেম্বরের ঘটনাকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রতিবিপ্লব হিসেবে আখ্যায়িত করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে আবারও ১৯৭১ সালের পরাজিত শক্তির উত্থান ঘটেছে। বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন দেশে অপমান, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। এমনকি তাঁদের শেষ বিদায় ও দাফনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, অতীতেও আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে ৭ নভেম্বরের অন্ধকার পরিস্থিতি অতিক্রম করে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। বর্তমান পরিস্থিতি থেকেও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতির শেষাংশে ৭ নভেম্বর ও পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের শিকার শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন শেখ হাসিনা। পাশাপাশি তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
