ঐতিহাসিক ৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য হত্যার এক রক্তাক্ত অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এদিনের ঘটনাপ্রবাহ, জিয়াউর রহমানের ক্ষমতায় আসা, সামরিক বাহিনীতে হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়েও সমালোচনা করেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।
পোস্টে তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং একই বছরের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যার পর ৭ নভেম্বর থেকে সশস্ত্র বাহিনীতে মুক্তিযোদ্ধা ও সেনাসদস্যদের হত্যার ঘটনা শুরু হয়।
জয় তাঁর পোস্টে দাবি করেন, ৭ নভেম্বর তথাকথিত ‘সিপাহি বিপ্লবের’ নামে ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধের তিন বীর সেনানায়ক খালেদ মোশাররফ, কে এন হুদা ও এ টি এম হায়দারকে হত্যা করা হয়। তাঁদের মুক্তিযুদ্ধকালীন অবদান তুলে ধরে তিনি ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহ্যাসের ‘বাংলাদেশ: এ লিগ্যাসি অব ব্লাড’ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে জয় দাবি করেন, ওই দিন একজন নারী চিকিৎসকসহ ১৩ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। এমনকি একজন সেনা কর্মকর্তার স্ত্রীও হত্যার শিকার হন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
জিয়াউর রহমানের ক্ষমতায় আসার প্রসঙ্গে জয় বলেন, ৬ নভেম্বর দিবাগত রাতে ল্যান্সার মহিউদ্দিনের নেতৃত্বে একটি বাহিনী তাঁকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করে। পরে তিনি রাষ্ট্রপতি বিচারপতি সায়েমের অনুমতি ছাড়াই বেতারে গিয়ে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন বলে পোস্টে দাবি করেন তিনি।
জিয়ার শাসনামল নিয়েও সমালোচনা করেন জয়। তাঁর দাবি, ওই সময়ে ২০টিরও বেশি সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে এবং প্রতিটি অভ্যুত্থানের পর বহু সেনাসদস্যকে বিনা বিচারে হত্যা করা হয়। ১৯৭৭ সালের ২ অক্টোবর বিমানবাহিনীর অভ্যুত্থানের পর দমন-পীড়নে প্রায় আড়াই হাজার সেনাসদস্য নিহত হওয়ার তথ্যও তুলে ধরেন তিনি।
পোস্টে ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ এবং ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টিও উল্লেখ করেন জয়। তাঁর অভিযোগ, এর মাধ্যমে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত করা হয়েছিল এবং হত্যাকারীদের বিভিন্ন দেশে কূটনৈতিক পদে নিয়োগ দিয়ে পুনর্বাসন করা হয়েছিল।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার প্রসঙ্গ টেনে জয় আরও বলেন, পরবর্তী সময়ে মেজর জেনারেল এম এ মঞ্জুরকে সামরিক হেফাজতে হত্যা করা হয়। এ ছাড়া পরবর্তী সামরিক বিচারপ্রক্রিয়ায় আরও কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে সজীব ওয়াজেদ জয় বলেন, খালেদ মোশাররফ, কে এন হুদা ও এ টি এম হায়দার থেকে শুরু করে এম এ মঞ্জুর পর্যন্ত বহু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার শিকার হয়েছেন। তাঁর ভাষায়, ৭ নভেম্বর কোনো বিপ্লব ছিল না; বরং এটি ছিল সশস্ত্র বাহিনী থেকে মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করার এক রক্তাক্ত অধ্যায়।
