ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুরের কালিয়াকৈরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের এই কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের জেরে গাজীপুরের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অন্যদিকে, আশুলিয়ায় অন্তত ৩০টি কারখানা বন্ধ রাখা হয়।
এদিকে, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ রোববার মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর ভাষ্য, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই।
গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানান।
মিরপুরে কয়েক ঘণ্টা অবরোধ
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ জানায়, শ্রমিকদের কর্মসূচির কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল পৌনে ১১টার দিকে মিরপুরের কয়েকটি স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আশপাশের বিভিন্ন কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বর এলাকা ছেড়ে চলে যান। প্রায় চার ঘণ্টা পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টা পর্যন্ত মিরপুর সাড়ে ১১ ও কালশী রোডে শ্রমিকদের অবরোধ চলছিল।
আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি
আশুলিয়ার কাঠগড়া ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ এবং সড়ক অবরোধের কারণে অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই বিভিন্ন কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পুলিশ জানিয়েছে, আশুলিয়া এলাকা থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে শ্রমিকদের উসকে দিতে নানা ধরনের গুজব ছড়ানোর তথ্য পাওয়া গেছে।
গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি
অন্যদিকে, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ পরিস্থিতিতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
তবে শিল্প পুলিশের দাবি, ওই এলাকায় ১৫ থেকে ২০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছিল। এর মধ্যে দু-একটি ছাড়া অধিকাংশই ছোট আকারের কারখানা।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন এলাকায় একযোগে এই বিক্ষোভের ফলে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পাশাপাশি ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।
