শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী, বিদেশ সফর বাতিল শ্রমমন্ত্রীর

অবশ্যই পরুন

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে সরকার। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ নিরসনে করণীয় ঠিক করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টা অংশ নিতে পারেন। তাঁদের মধ্যে উপদেষ্টা মাহদী আমিনের উপস্থিত থাকারও সম্ভাবনা রয়েছে। মাগরিবের নামাজের পর বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্মূল্যায়নের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় সরকার। শ্রমিক অসন্তোষ নিরসনে দুই দিন আগেই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে দেরি হওয়ায় বোর্ড গঠনের প্রক্রিয়ায় বিলম্ব ঘটে।

সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে শ্রমমন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের কার্যক্রম শুরু হবে। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাই শ্রমিকরা যেন সড়ক ছেড়ে কাজে ফিরে যান।

কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবং শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে রোববার মজুরি বোর্ড গঠনের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। এরপরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তাঁর দাবি, কিছু রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আন্দোলনে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তুলে শ্রমমন্ত্রী আরও বলেন, একটি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশিত হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাঁর কাছে স্পষ্ট।

এদিকে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি স্বাধীন সদস্যদের সঙ্গে আলোচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো বোর্ডের প্রথম সভার তারিখ কিংবা নতুন মজুরি কাঠামো ঘোষণার নির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে জানতে বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে খুদে বার্তায় তিনি পরবর্তী সময়ে ফোন করার অনুরোধ জানান।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ