বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলাকালে জেলেদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আকতার হোসেন হাওলাদার (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জেলে। তাঁদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া অরাকুল মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন হাওলাদার হিজলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর মেমানিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জেলেদের অভিযোগ, নৌ-পুলিশের সদস্যরা স্পিডবোটে এসে অভিযান চালানোর সময় গুলি ছোড়েন। এতে আকতারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে নৌ-পুলিশ অভিযানের বিষয়টি অস্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহতের মরদেহ হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল বলে জানিয়েছে নৌ-পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে আব্দুল ব্যাপারী জানান, বুধবার রাতে তাঁরা মেঘনা নদীতে ইলিশ শিকারে যান। মাছ ধরা শেষে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে শাওড়া অরাকুল মাছঘাট এলাকায় জেলেদের আটক করা নিয়ে নৌ-পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় অভিযানে থাকা সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে আকতারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে বরিশালে নেওয়ার পথে আকতারের মৃত্যু হয়। আহত অন্য জেলেরা বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে দাবি করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নৌ-পুলিশের অভিযান চলছিল। এ সময় জেলেদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা গুলি ছোড়েন। এতে আকতারের বুকে গুলি লাগে এবং আরও চার জেলে আহত হন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকতারের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।
নিহতের বোন সাথী আক্তার আহত জেলেদের বরাত দিয়ে জানান, বুধবার রাতে আকতারসহ অন্য জেলেরা মাছ ধরতে নদীতে যান। বৃহস্পতিবার ভোরে অরাকুল মাছঘাট এলাকায় কোস্টগার্ড ও নৌ-পুলিশের গুলিতে তাঁর ভাই আহত হন। প্রথমে তাঁকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সাথী আক্তার আরও বলেন, এ মৃত্যু নিয়ে তাঁদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। হয়রানির আশঙ্কায় তাঁরা ময়নাতদন্ত ছাড়াই আকতারের মরদেহ দাফন করতে চান।
তবে কোস্টগার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনার সময় মেঘনা নদীতে কোস্টগার্ডের কোনো অভিযান ছিল না। বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাও জানিয়েছেন, ওই এলাকায় নৌ-পুলিশের কোনো অভিযান পরিচালিত হয়নি।
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান বলেন, গুলিতে জেলে নিহত হওয়ার বিষয়টি তিনি বৃহস্পতিবার সকালে জানতে পেরেছেন। তবে বুধবার রাতে তাঁদের কোনো দল মেঘনা নদীতে অভিযান চালায়নি। তাঁদের স্পিডবোট দুই দিন ধরে বিকল থাকায় ছোট ট্রলার দিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে। অন্য কোনো জেলার অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোরে কয়েকজন জেলে তাঁকে মেঘনা নদীতে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই জেলেকে উদ্ধার করেন। পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কারা গুলি করেছে, তা নিশ্চিত হতে পারেননি তিনি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান হোসেন জানান, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার বলেন, বিভিন্ন মাধ্যমে তিনি চাঁদপুর নৌ-পুলিশের গুলিতে এক জেলে নিহত হওয়ার খবর পেয়েছেন। মরদেহ হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছেন।
অন্যদিকে চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার মোশফিকুর রহমান জানিয়েছেন, বুধবার রাতে কিংবা বৃহস্পতিবার সকালে তাঁদের পক্ষ থেকে ওই এলাকায় কোনো অভিযান চালানো হয়নি। এলাকাটি তাঁদের অধীনেও নয়।
ন্যাশনিক্স/এলকে
