নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পরপরই এক প্রবাসীর মালিকানাধীন শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের রাশ মেগা মলে এ ঘটনা ঘটে।
শপিং মলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইন। স্থানীয় কয়েকজনের ভাষ্য, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানের সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা রয়েছে। এ সম্পর্কের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
শাকিল হত্যার ঘটনায় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। সোমবার রাতে পুলিশ তাঁকে আটক করে। পরে মঙ্গলবার সন্ধ্যায় আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকায় জানাজা শেষে মঙ্গলবার রাতে শাকিলের মরদেহ গুরুদাসপুরে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাইকিং করে উপস্থিত লোকজনকে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পরে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি মিছিল চাঁচকৈড় বাজারে যায়।
অভিযোগ রয়েছে, মিছিল থেকে একপর্যায়ে রাশ মেগা মলে হামলা চালানো হয়। দোকানের শাটার ভেঙে তৈরি পোশাক, প্রসাধনী এবং জুতা-স্যান্ডেলের দোকান থেকে মালামাল লুট করা হয়। পরে শপিং মলটিতে ভাঙচুর চালানো হয়। প্রায় ৪০ মিনিট ধরে লুটপাট চলার পর পুলিশ সেখানে অবস্থান নেয়।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, মিছিলে অংশ নেওয়া লোকজনই শপিং মলে হামলা করেন। তাঁর দাবি, কিছু ব্যক্তি মালামাল লুটের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। তাঁরা লুট করা মালামাল মাথায় করে এবং রিকশা-ভ্যানে নিয়ে যান।
শপিং মলের মালিক রাসেল হোসাইন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল এটি বন্ধ করার চেষ্টা করছিল। তাঁর দাবি, শাকিল হত্যার ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাসেল।
এ বিষয়ে জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, কিছু সুযোগসন্ধানী ব্যক্তি মব সৃষ্টি করে এক প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
