নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজায় সংসদ সদস্য আব্দুল আজিজকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন উপস্থিত লোকজন। আব্দুল আজিজ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য এবং শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান। মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন সামসুজ্জোহা কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিয়ে সংসদ সদস্য আব্দুল আজিজ নিহত শাকিলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তাঁকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। জানাজা শেষে তিনি সেখান থেকে ফিরে যান।
এদিকে, শাকিল ইসলামের জানাজা শেষে গুরুদাসপুরের চাচকৈড় বাজারে আমেরিকাপ্রবাসী রাসেল হোসাইনের রাস শপিং মলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
রাসেল হোসাইন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে এটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল সুযোগ নিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তাঁর প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলেও অভিযোগ করেন রাসেল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শাকিলের জানাজায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ন্যাশনিক্স/এলকে
