বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টারদের কাছে চিঠি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তাঁর চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময় আরোপিত নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারও বহাল রেখেছে এবং সংসদে আইন প্রণয়নের মাধ্যমে এর আইনি ভিত্তি দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে তৎকালীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিবর্তে তা বহাল রাখার উদ্যোগ নেওয়া হয়।
চিঠিতে শেখ হাসিনা দাবি করেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ছিল না। তাঁর মতে, একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখায় বিপুলসংখ্যক মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ভোটাধিকার প্রশ্নের মুখে পড়েছে।
আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞাকে বাংলাদেশের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এতে মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতাসংক্রান্ত সাংবিধানিক অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের সমর্থকদের ওপর হামলার অভিযোগ এবং নিষেধাজ্ঞার কারণে আইনি সহায়তা নেওয়ার ক্ষেত্রে তৈরি হওয়া প্রতিবন্ধকতার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
শেখ হাসিনা জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ও ন্যায়সংগত আন্তর্জাতিক ব্যবস্থা-সংক্রান্ত বিশেষজ্ঞদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে প্রকাশ্য বিবৃতি দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে আলোচনা ও পুনর্মিলনের প্রস্তাবও দিয়েছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ধরনের রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরির জন্য প্রথমেই দলটির কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি।
সূত্র: দ্য ওয়াল (The Wall)
