লক্ষ্মীপুরে নতুন সার ডিলার নিয়োগের তালিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মনোনীত ব্যক্তিদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংখ্যা বেশি বলে আলোচনা চলছে। একই সঙ্গে আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন আবেদনকারী ডিলার হতে না পারায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতারা।
কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য তারেক রহমান ওরফে রকি। তাঁর দাবি, পৈতৃক সূত্রে তাঁদের পরিবার প্রায় ৫০ বছর ধরে সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের প্রতিষ্ঠান আগে সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করলেও আওয়ামী লীগ সরকারের সময় সেই ডিলারশিপ বাতিল করা হয়। এবার আবেদন করেও তিনি মনোনীত হননি।
তারেক রহমান বলেন, যাঁদের ডিলার হিসেবে মনোনীত করা হয়েছে, তাঁদের কারও কারও গুদাম নেই এবং অনেকে আগে সার বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। এতে প্রকৃত সার ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের বাণিজ্য করার অভিযোগও তোলেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নুরুল হুদা চৌধুরী। তিনি বলেন, সার ডিলার নিয়োগে দলীয়ভাবে কোনো হস্তক্ষেপ করা হয়নি। সবাই নিজ নিজ যোগ্যতায় মনোনীত হয়েছেন। তাঁর ভাষ্য, পাটারীরহাট ইউনিয়নের লোকমান হোসেন তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই হলেও চর ফলকন ইউনিয়নের মাহবুবুর রহমান তাঁর ভাগনে নন। নুরুল হুদা আরও বলেন, নীতিমালা অনুযায়ী আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন, এমন প্রত্যাশা তাঁদেরও ছিল।
মনোনীত কয়েকজন ডিলারও রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগ অস্বীকার করেছেন। দক্ষিণ চরবংশী ইউনিয়নের ডিলার আমিনুল আজিজ বাদশা বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই তিনি মনোনীত হয়েছেন। রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশের দাবি, তাঁর এলাকায় সারের চাহিদা কম হলেও তিনি কোনো রাজনৈতিক তদবির ছাড়াই ডিলারশিপ নিয়েছেন।
বামনী ইউনিয়নের মনোনীত ডিলার আমির হোসেন ওরফে ছুটু জানান, আগে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এবার নতুন করে সার ব্যবসা শুরু করছেন। কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তাঁকে মনোনীত করা হয়েছে। তবে তিনি আগে কখনো সার ব্যবসা করেননি।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, তাঁর ইউনিয়নে তিনি ছাড়া অন্য কেউ আবেদন করেননি। সার্বিক বিষয় বিবেচনায় তাঁকে ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ না করে বার্তা পাঠাতে বলেন। পরে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো জবাব পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব জহির আহমেদ বলেন, তালিকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংখ্যা বেশি, এমন তথ্য তিনিও জানতে পেরেছেন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি আবেদন যাচাই-বাছাই করে সুপারিশসহ তালিকা পাঠিয়েছিল। পরে সেই তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং মন্ত্রণালয় থেকে চূড়ান্ত তালিকা পাঠানো হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাছিবুর রহমান বলেন, গত ১৭ বছর তাঁদের দলের নেতা-কর্মীরা সার ডিলারশিপসহ বিভিন্ন ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এখন তাঁরা ব্যবসা-বাণিজ্যে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। তাঁর দাবি, আবেদনকারীরা নিয়ম মেনেই আবেদন করেছেন এবং ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।
ন্যাশনিক্স/এলকে
