আজও মহাসপ্তমী, এক দিন বেড়ে এবার ছয় দিনের দুর্গোৎসব

অবশ্যই পরুন

কলাবউ স্নান, নবপত্রিকা স্থাপন ও পূজা-অর্চনার মধ্য দিয়ে গতকাল শনিবার উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। এদিন সকালে মণ্ডপ ও মন্দিরের কাছের জলাশয়ে কলাবউ স্নান বা নবপত্রিকা স্নানের আয়োজন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এর মধ্য দিয়ে দেবী দুর্গার নবপত্রিকায় প্রবেশ সম্পন্ন হয়। নয়টি ভিন্ন গাছকে দেবীর নয়টি রূপ বা নবদুর্গা হিসেবে পূজা করা হয়।

শনিবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই সঙ্গে সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজাও অনুষ্ঠিত হয়। পূজা শেষে ছিল পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি।

বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, নৃত্যনাট্য, ভক্তিমূলক সংগীত ও নাটকের আয়োজন করা হয়।

এবার সপ্তমী তিথি দুদিন পড়ায় আজ রোববারও মহাসপ্তমী বা অধিক পূজা উদযাপিত হচ্ছে। এ কারণে প্রচলিত পাঁচ দিনের পরিবর্তে এবার ছয় দিন ধরে চলবে শারদীয় দুর্গোৎসব।

সারাদেশের মতো রাজধানীর পূজামণ্ডপগুলোও ঢাক-ঢোল, ঘণ্টা ও ভক্তদের পূজা-অর্চনায় মুখর হয়ে ওঠে। বিশেষ করে সন্ধ্যার পর মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ে। অন্য ধর্মের মানুষও উৎসবে অংশ নেন। এতে পূজামণ্ডপগুলো বাঙালির সর্বজনীন উৎসবের মিলনমেলায় পরিণত হয়।

কেন্দ্রীয় পূজামণ্ডপ হিসেবে পরিচিত ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির মণ্ডপেও ছিল দর্শনার্থীদের ভিড়। পূজা শেষে সেখানে পুষ্পাঞ্জলি, আরতি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

আজ সকাল ৬টা ২২ মিনিটের মধ্যে দেবীর শুক্লা সপ্তমীবিহিত অধিক পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ছয় দিনের দুর্গোৎসব শেষ হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ