‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি ঘিরে বিতর্ক

অবশ্যই পরুন

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেছেন, প্রশিক্ষণ বা শুধু পৌরসভায় আসার কথা বলে তাদের ডেকে এনে পরে বিক্ষোভ মিছিলে অংশ নিতে বলা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এনসিপির চার অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, তাদের প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা বলে পৌরসভা এলাকায় আনা হয়েছিল। সেখানে এসে বিক্ষোভ মিছিলের আয়োজন দেখতে পান তারা। একজন নারী জানান, তাকে শুধু পৌরসভায় আসতে বলা হয়েছিল, কর্মসূচির বিষয়ে আগে থেকে বিস্তারিত জানানো হয়নি।

পরে ওই নারীদের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আগে থেকে মিছিলের বিষয়ে জানানো হয়েছিল কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, এটি এনসিপির মূল সংগঠনের কোনো বিক্ষোভ কর্মসূচি ছিল না। দলটির অঙ্গসংগঠনগুলো মিছিলটির আয়োজন করেছিল। তিনি জানান, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাদের কথা হয়েছে এবং কেন্দ্র থেকে বিষয়টি দেখা হবে।

কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজ, সাবেক যুগ্ম সমন্বয়ক মো. তাছের, যুবশক্তির জেলা সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, ছাত্রশক্তির জেলা সদস্য সচিব মখলেচুর রহমান আয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে নারীদের মিছিলে অংশ নেওয়ার বিষয়ে অভিযোগগুলোর বিস্তারিত ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ