জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

অবশ্যই পরুন

জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যারা সক্ষম, প্রয়োজনে তাদের হাতেই দায়িত্ব তুলে দিতে হবে।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হয়রানির অভিযোগ তুলে তিনি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, আখতারুজ্জামান কারও ওপর হামলা করেননি এবং তাকে ঘিরে আনা অভিযোগ সঠিক নয়।

জামায়াত আমির বলেন, আখতারুজ্জামান শুধু দলের একজন ব্যক্তি নন, বরং দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবেও ভূমিকা রাখছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি দেশবাসী ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, মানুষের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

তিনি আরও অভিযোগ করেন, জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে একজনকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করানো হয়েছে। একইসঙ্গে আখতারুজ্জামানকে হাতকড়া পরানোর প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন তিনি।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, জনগণের অর্থ বিভিন্ন পর্যায়ে অপচয় বা আত্মসাৎ করা হলে তারা নীরব থাকবেন না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ডেঙ্গুর বিস্তারকে তারা গুরুতর পরিস্থিতি হিসেবে দেখছেন। এ কারণে রোগ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, জনগণের সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার ভাষ্য, জনগণ যদি সরকারের কাছে নিরাপদে ও শান্তিতে থাকতে না পারে, তাহলে সেই সরকারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার নিজেরা কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না এবং অন্যদেরও কাজ করতে দিচ্ছে না।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ