চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানের শরীরে ফুটন্ত গরম পানি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানসহ সিরাজুল ইসলাম (৪২) ও হাসান (৩২) নামের তিনজন দগ্ধ হয়েছেন।
আহতরা চুয়াডঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
দগ্ধ ছাত্রদল নেতা হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং অভিযুক্ত সুলতান ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন হাসানুজ্জামান অভিযোগ করে বলেন, গতকাল শনিবার রাতে পুকুরপাড়ার একটি চায়ের দোকানে বসে থাকার সময় আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও স্থানীয় দলীয় নেতৃত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
এর প্রতিবাদ জানালে রাজনৈতিক আক্রোশ থেকে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি তার শরীরে ঢেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসানের শরীরও গরম পানিতে দগ্ধ হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
এদিকে জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত সুলতানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
