নোয়াখালীর সোনাইমুড়ীতে ছেলেকে দেখতে থানায় গিয়ে আব্দুল মান্নান (৫৮) নামে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন। এর আগে তার ছেলে সাব্বির আহমদ (২১) কে সোনাইমুড়ী বাজার থেকে আটক করে পুলিশ। পরে শুক্রবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার সকালে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বির আহমদকে আটক করে সোনাইমুড়ী থানা পুলিশ। স্থানীয়দের ভাষ্য, তিনি চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ছেলেকে আটকের খবর পেয়ে আব্দুল মান্নান তাকে দেখতে সোনাইমুড়ী থানায় যান। পরে পুলিশ তাকেও আটক করে বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন।
আব্দুল মান্নানের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কি না, সে বিষয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন দাবি রয়েছে। তাকে থানায় যাওয়ার পর আটক করায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানান, আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি থানার সামনে অবস্থান করছিলেন। পরে তাকে আইনের আওতায় নেওয়া হয়।
ওসি জানান, বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ন্যাশনিক্স/এলকে
