ভারতের বিমানবাহিনী বা সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে নিয়ে যায়নি উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ সরকারের করা প্রত্যর্পণের আবেদনের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের সংশ্লিষ্টতা থাকায় এর কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।
শনিবার এক প্যানেল আলোচনার প্রশ্নোত্তর পর্বে দিনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত সরকার বারবার এর জবাবে জানিয়েছে যে এ সংক্রান্ত একটি প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়াটি পুরোপুরি আইনি এবং সুবিন্যস্ত। সুতরাং এটুকু বলা যায় যে প্রক্রিয়াটি চলমান রয়েছে।’ বিষয়টি আদালতের এখতিয়ারাধীন হওয়ায় ‘কেউ আপনাকে কোনো সময়সীমা দিতে পারবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ২০২৪ সালের আগস্টে কী পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন, সে প্রসঙ্গও তুলে ধরেন ত্রিবেদী। তিনি বলেন, ওই পরিস্থিতির জন্য ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তুত ছিল না।
বাংলাদেশ ছাড়ার প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ‘পেছনে ফিরে তাকালে দেখা যায়, ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী হাসিনাকে ভারতে নিয়ে যায়নি।’
তিনি বলেন, ওই সময় বাংলাদেশে ‘দুঃখজনক পরিস্থিতির’ কারণে ঘটনাটি ঘটেছিল। এমন পরিস্থিতি বিশ্বের কোথাও আর যেন না ঘটে, সে কথাও বলেন তিনি।
ত্রিবেদী বলেন, শেখ হাসিনা ভারতে পৌঁছানোর সময়ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিবেশী দেশ হিসেবে ওই পরিস্থিতিতে ভারতকে সাড়া দিতে হয়েছিল।
তিনি বলেন, ‘আমি টেলিভিশনে দেখছিলাম, স্ক্রলে আসছিল যে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ওই সময় শেখ হাসিনা তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এ বিষয়ে আমাদের খুব বেশি বিকল্প ছিল না। প্রতিবেশী হিসেবে বাস্তবতাকে মেনে নেওয়া আমাদের দায়িত্ব ছিল। কারণ এমন পরিস্থিতি তৈরি হয়, যার জন্য কখনো কখনো প্রস্তুত থাকা যায় না।’
ওই পরিস্থিতিতে ভারতের বিকল্প কী হতে পারত, সে প্রশ্নও তোলেন তিনি।
