বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের প্রতিষ্ঠানের চারটি গুদাম সিলগালা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার দক্ষিণ গুলশানে টস বন্ড প্রাইভেট লিমিটেডের বন্ডেড ওয়্যারহাউজে যৌথ অভিযান চালিয়ে এসব গুদাম সিলগালা করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে অংশ নেন।
এনবিআর জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে গুদামগুলোতে গুরুতর কিছু অসংগতি পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই ও তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে। তদন্ত ও বিস্তারিত যাচাই এখনো চলছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত গুদাম থাকার কথা দুটি। তবে অভিযানের সময় মোট চারটি গুদামে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত স্থানে সরিয়ে নেওয়া বা অপসারণ ঠেকাতেই গুদামগুলো সিল করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, বন্ডেড ওয়্যারহাউজ থেকে আইন অনুযায়ী নির্দিষ্ট সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, বিশেষ করে বাংলাদেশে কর্মরত কূটনীতিকরা শুল্কমুক্ত মদ কেনার সুযোগ পান। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এসব পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগও রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, নুর ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিদেশে নাগরিকত্ব, ব্যবসা এবং আর্থিক লেনদেন নিয়েও কর ও গোয়েন্দা সংস্থাগুলো যাচাই করছে বলে জানা গেছে। কানাডা থেকে সংগৃহীত কিছু নথিতে পরিবারের সদস্যদের বিভিন্ন আর্থিক লেনদেন এবং একাধিক প্রতিষ্ঠানের মালিকানার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্ত সংশ্লিষ্টদের দাবি, বৃহস্পতিবারের অভিযানটি সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তাদের ভাষ্য, নুর ইসলাম ও তার ব্যবসা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুসন্ধান আগে থেকেই চলছিল।
সম্প্রতি ঢাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। পরে এ ঘটনায় একটি মামলা হয় এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।
এদিকে বুধবার সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ন্যাশনিক্স/এলকে
