সেনাবাহিনী-র‍্যাব সদস্য পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদলের বহিষ্কৃ নেতা গ্রেপ্তার

অবশ্যই পরুন

সেনাবাহিনী ও র‍্যাবের সদস্য পরিচয়ে একটি বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা বিএম ইব্রাহিম ওরফে ‘তালা ইব্রাহিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগের কারণে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশের ভাষ্য, ইব্রাহিমের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন ব্যক্তির বাসায় তালা দিয়ে টাকা আদায়ের অভিযোগের কারণে এলাকায় তিনি ‘তালা ইব্রাহিম’ নামে পরিচিত হন বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ ডিসেম্বর ব্যবসায়ী জাহিদ হাসান মোহাম্মদপুর থানায় ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। মামলায় ইব্রাহিম ও দীপক নামে দুজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবেশ করে নিজেদের সেনাবাহিনী ও র‍্যাবের সদস্য হিসেবে পরিচয় দেয়। পরে বাসার লোকজনকে জিম্মি করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগ করা হয়।

একপর্যায়ে অভিযুক্তরা বাসা থেকে ১২ হাজার টাকা নগদ ও প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি হাতঘড়ি নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আরও টাকা না দিলে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে জাহিদ হাসান কৌশলে পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা বাসা থেকে বের হয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে সাক্ষীদের সহায়তায় ফুটেজে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। সেখান থেকে ইব্রাহিম ও দীপকের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, চাঁদাবাজির মামলার তদন্তের অংশ হিসেবে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ইব্রাহিমের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ