GCDG-এর আয়োজনে লন্ডনে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সেমিনার, অনলাইনে যুক্ত হচ্ছেন শেখ হাসিনা

অবশ্যই পরুন

বাংলাদেশের গণতন্ত্র, অধিকার, স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে আজ একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘Safeguarding Democracy in Bangladesh: Rights, Freedoms and the Rule of Law’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেছে কানাডাভিত্তিক Global Center for Democratic Governance (GCDG)। সংগঠনটি গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে গবেষণা ও আলোচনার আয়োজন করে থাকে।

সেমিনারটি ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (যুক্তরাজ্য সময়) লন্ডনের Godfrey Mitchell Room, One Great George Street-এ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় এটি রাত ১১টা। অনুষ্ঠানের পর প্রশ্নোত্তর পর্বও থাকবে।

প্রকাশিত অনুষ্ঠানের পোস্টার অনুযায়ী, অনলাইনে যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। এছাড়া সরাসরি উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ বদরুল আহসান।

সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেবেন GCDG-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. হাবিবে মিল্লাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ক্রিস ব্ল্যাকবার্ন, যিনি GCDG-এর পোস্টারে Communications Director হিসেবে উল্লেখিত।

আলোচনার মূল বিষয় হিসেবে রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, নাগরিক অধিকার ও স্বাধীনতা, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ভবিষ্যৎ। GCDG এর আগে চলতি বছর অক্সফোর্ডেও বাংলাদেশের মানবাধিকার, রাজনৈতিক অন্তর্ভুক্তি, আইনের শাসন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছিল।

সেমিনারটি অনলাইনেও সম্প্রচার করা হবে বলে আয়োজকদের পোস্টারে জানানো হয়েছে। GCDG-এর সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ থাকবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ