টঙ্গীতে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

অবশ্যই পরুন

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় (২৩) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাজ শেষে বাড়ির দিকে ফিরছিলেন জয়। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়ের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজের মাধ্যমে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ন্যাশনিক্স এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ