মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কালোটাকার বিস্তার ঠেকানো এবং পর্যাপ্ত রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ১,০০০ টাকার নোট বাতিলের দাবিও জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথা জানানো হয়েছে।
নোটিশদাতার বক্তব্য, পর্যাপ্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অতিরিক্ত মুদ্রা সরবরাহ করা হলে টাকার ক্রয়ক্ষমতা কমতে পারে এবং এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়তে পারে। মুদ্রার সরবরাহ ও পণ্যের সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে মূল্যস্ফীতির বিষয়টিকে সংবিধানের ৩২ অনুচ্ছেদে থাকা জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গে যুক্ত করা হয়েছে। নোটিশদাতার দাবি, মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।
এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে নোটিশে বলা হয়েছে, উচ্চ মূল্যমানের এই নোট দৈনন্দিন লেনদেনে সাধারণ মানুষের তুলনামূলক কম প্রয়োজন হলেও দুর্নীতি, কর ফাঁকি ও অবৈধ অর্থ সংরক্ষণের কাজে ব্যবহারের সুযোগ থাকতে পারে। বড় মূল্যমানের নোটের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ রাখার সুযোগ তৈরি হতে পারে বলেও নোটিশে দাবি করা হয়েছে।
এ বিষয়ে ভারতের ২ হাজার রুপির নোট প্রত্যাহারের উদাহরণও নোটিশে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক ওই নোট প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘ক্লিন নোট পলিসি’র অংশ হিসেবে ব্যাখ্যা করেছিল। সে সময় নোটটি বৈধ মুদ্রা হিসেবে বহাল রেখে ব্যাংকে জমা বা অন্য মূল্যমানের নোটে বিনিময়ের সুযোগ দেওয়া হয়েছিল।
নোটিশে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
মো. মাহমুদুল হাসান মামুন সুপ্রিম কোর্টের আইনজীবী। নোটিশে তিনি অর্থনীতি, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তাঁর একাধিক ডিগ্রির তথ্যও উল্লেখ করেছেন।
ন্যাশনিক্স/এলকে
