জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাকিরুল হক নিজেও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাকিরুল হক নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। পোস্টে তিনি নির্বাচনী সমর্থন চাওয়ার প্রসঙ্গ তুলে ধরে দুঃখ প্রকাশ করেন এবং দেশের ও সাধারণ মানুষের স্বার্থের কথা উল্লেখ করেন।
জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সোমবার সকালে তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছিলেন। এরপরই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন বলেও জানান।
জাকিরুল হকের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া এলাকায়। তিনি ওই এলাকার সামিউল হকের ছেলে।
ন্যাশনিক্স/এলকে
