রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে একটি রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে স্থানীয়রা লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে। এনআইডির তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
পুলিশকে শাহানা জাবিন জানান, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ছিলেন। তবে তিনি কীভাবে ধানমন্ডি লেকে পৌঁছালেন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
