চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় গিয়ে অভিযোগ জানায়।
শিক্ষার্থী আলামিন উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।
জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল আলামিন। কিন্তু তারা মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতে একাই থানায় চলে যায় সে।
পরে থানায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক জহির হোসেন। তার অভিযোগ শুনে বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
পুলিশ পরিদর্শক জহির হোসেন জানান, শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। পরে তার বাবা-মাকেও ডেকে এনে সন্তানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হয়। পারিবারিক বিষয়গুলো ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধানের জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, ছোট একটি বিষয়কে কেন্দ্র করে যাতে শিশুটির মনে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও বাবা-মাকে সতর্ক করা হয়েছে। পরে আলামিনকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
