বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার দিনেই বাংলাদেশে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি কমে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে ঘুরে দাঁড়ানোর খবরে সোমবার তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়। বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২.১৬ ডলার বা ২.০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১.৭১ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.১৫ ডলার বা ২.১৪ শতাংশ কমে ৯৮.১৫ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামের সঙ্গে যুক্ত ঝুঁকির প্রিমিয়ামের একটি অংশ কমেছে।
এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও দেশটির তেল রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে। আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গেলেও সেপ্টেম্বরে এখন পর্যন্ত তা দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার প্রভাব দেখিয়ে বাংলাদেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। রাত ১২টার পর থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর নতুন দাম কার্যকর হয়েছে।
ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার দিনেই বাংলাদেশে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
