ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের পাশে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ত্রিপুরার লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকায় কাঁটাতারের পাশে মরদেহটি দেখতে পেয়ে নিজেদের হেফাজতে নেন।
নিহত শাকিল আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শাকিল নিখোঁজ ছিল। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি।
শাকিলের বাবা মালু মিয়া জানান, বুধবার রাতে তাঁর মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষে শাকিল বাড়িতে ফিরে মায়ের সঙ্গে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন।
শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে ছেলের মরদেহ সীমান্ত এলাকায় থাকার খবর পান বলে জানান মালু মিয়া। পরে তিনি সীমান্তে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তাঁর ভাষ্য, শাকিল কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল এবং কীভাবে সে সীমান্ত এলাকায় পৌঁছেছে, তা পরিবারের জানা নেই।
বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা জানান, আখাউড়া-ত্রিপুরা সীমান্তের ২০২২-৯এস পিলারের কাছে সানমুড়া কাঁটাতারের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিএসএফ বিষয়টি জানতে পারে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আখাউড়া থানার পুলিশও সেখানে যায়।
বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পর গভীর রাতে মরদেহটি বিএসএফের হেফাজতে নেওয়া হয়।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, কিশোরটি কীভাবে সীমান্ত এলাকায় পৌঁছেছে এবং তার মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়ার কথা রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
