‘ভাত চুরির’ অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবার কাছে চাওয়া হয় ১ লাখ টাকা

অবশ্যই পরুন


খুলনায় একটি ছাত্রাবাসে ‘ভাত চুরি করে খাওয়ার’ অভিযোগ তুলে আজমুল হোসেন (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবার কাছে ফোন করে তাঁর ছেলেকে ফিরে পেতে এক লাখ টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।


শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির।


নিহত আজমুল হোসেন চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। তিনি খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয়দের ভাষ্য, চারতলা ভবনটি ছাত্রদের মেস হিসেবে ব্যবহৃত হয়। সেখানে প্রায় ৫০ থেকে ৬০ জন ছাত্র থাকেন। মেসের ছাত্রদের কাছ থেকে স্থানীয়রা জানতে পারেন, শুক্রবার রাতে মেসের ম্যানেজার মেহেদীর ভাত আজমুল খেয়ে ফেলেন। এরপর ‘ভাত চুরি’ করার অভিযোগ তুলে মেহেদীসহ কয়েকজন ছাত্র ও বহিরাগত তাঁকে ছাদে নিয়ে মারধর করেন।


রাত পৌনে ১টার দিকে আশপাশের বাসিন্দারা ছাদ থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। পরে গলিতে আজমুলকে পড়ে থাকতে দেখা যায়। মেসের অন্য ছাত্ররা তাঁকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, আজমুলের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর দুই পা ভাঙা ছিল।
নিহতের বাবা কুতুব উদ্দিনের অভিযোগ, রাত ১২টার পর আজমুলের মোবাইল ফোন থেকে এক ব্যক্তি তাঁকে কল করে বলেন, তাঁর ছেলে ‘ঝামেলা করেছে’ এবং তাঁকে পেতে হলে দ্রুত এক লাখ টাকা নিয়ে খুলনায় আসতে হবে। টাকা না দিলে ছেলেকে পাওয়া যাবে না বলেও ওই ব্যক্তি জানান বলে দাবি করেন তিনি।


কুতুব উদ্দিন বলেন, তিনি কৃষিকাজ করেন এবং এত টাকা তাঁর পক্ষে জোগাড় করা সম্ভব নয় বলে জানালে তাঁকে দ্রুত খুলনায় আসতে বলা হয়। পরে সকালে এসে তিনি জানতে পারেন, তাঁর ছেলে আর বেঁচে নেই।


আজমুলের বাবা বলেন, মাত্র ১০ দিন আগে ছেলে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। শুক্রবার বিকেলে সে খুলনায় আসে এবং রাত ৯টার দিকে পরিবারের সঙ্গে শেষবার কথা বলে। তখন সে জানিয়েছিল, সে ভালো আছে এবং তাঁকে নিয়ে চিন্তা না করতে।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল সরকার বলেন, ১০ সেপ্টেম্বর আজমুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তাঁর সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য ছিল না। পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।


হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের বাবা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।


খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে ঘটেছে। তবে বিষয়টি জানার পর পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ