রাজধানী ঢাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে কর্মসূচি সফল করতে দল ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
এক বিবৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকার ‘অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারপ্রক্রিয়া চালাচ্ছে বলে তারা মনে করে। দলটির দাবি, বিচার বিভাগকে ব্যবহার করে একের পর এক রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত রায় দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি ট্রাইব্যুনালের দেওয়া একটি রায়কে তারা ‘প্রতিশোধমূলক’ হিসেবে দেখছে। ওই রায় প্রত্যাখ্যানের পাশাপাশি সব ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহার এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।
আওয়ামী লীগ জানিয়েছে, যুবলীগের ঘোষিত কর্মসূচির সঙ্গে দলটি একাত্মতা প্রকাশ করছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব স্তরের নেতাকর্মীদের প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
