রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে এবার কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ডিএমপির মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার আবুল বাসার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।
এর আগে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে বিস্ফোরণের পাশাপাশি যাত্রাবাড়ী চৌরাস্তা, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী চৌরাস্তায় বিস্ফোরণে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েকটি ঘটনায় উড়ালসড়ক থেকে নিচে ককটেল ছোড়া হয়েছে। তবে এসব ঘটনায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, এসব ঘটনার মধ্যে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিনে রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত এবং এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
