রোমান্টিক সিনেমা-নাটকের বিরুদ্ধে হাইকোর্টে আইনজীবীর রিট

অবশ্যই পরুন

প্রেম ও অতিরিক্ত রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। যুবসমাজের নৈতিক অবক্ষয়, সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উদ্দেশ্যে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান মামুন। এর আগে গত ২৭ আগস্ট একই বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, দেশের চলচ্চিত্র ও নাটকে প্রেম এবং অতিরিক্ত রোমান্টিক বিষয়বস্তুর অবাধ উপস্থাপন সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে আবেদনকারী মনে করেন। তাঁর দাবি, কিছু কনটেন্টে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার ও ধর্ষণের মতো বিষয়কে স্বাভাবিক বা আকর্ষণীয়ভাবে তুলে ধরা হচ্ছে।

রিটে আরও দাবি করা হয়েছে, এ ধরনের কনটেন্ট যুবসমাজ ও শিক্ষার্থীদের পড়াশোনা এবং ক্যারিয়ার থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। একই সঙ্গে সামাজিক মূল্যবোধ ও প্রচলিত নৈতিক কাঠামোর ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও প্রতিবেদনের উল্লেখ করে রিটে বলা হয়েছে, অতিরিক্ত রোমান্টিক ও উসকানিমূলক কনটেন্ট তরুণদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব বিষয়বস্তুর সঙ্গে নারীর প্রতি সহিংসতা বা বিভিন্ন অপরাধের সম্পর্ক রয়েছে বলেও আবেদনে দাবি করা হয়েছে।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তার পাশাপাশি শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর দাবি, সামাজিক নৈতিকতা ক্ষুণ্ন করে বা অপরাধে প্ররোচনা সৃষ্টি করে এমন কনটেন্ট অবাধে সম্প্রচারের ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এ ছাড়া সংবিধানের ২৩ অনুচ্ছেদের কথা উল্লেখ করে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বের বিষয়টিও রিটে তুলে ধরা হয়েছে।

রিটে শুধু প্রেম ও রোমান্সভিত্তিক কনটেন্টের বিষয়ে নির্দেশনা চাওয়া হয়নি। যুবসমাজের সৃজনশীলতা বিকাশ এবং দেশপ্রেমের চেতনা জোরদারের লক্ষ্যে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাবিষয়ক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জানান, গত ২৭ আগস্ট সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তাঁর দাবি, নোটিশের পরও কার্যকর কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ