দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৯০২ জন হামের উপসর্গে এবং ১০০ জন নিশ্চিত হামে মারা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের।
১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে। এর মধ্যে উপসর্গের রোগী ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত ১৯ হাজার ৯০৪ জন।
এ সময়ে হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান দেশে হাম পরিস্থিতির ভয়াবহতা এবং বিশেষ করে শিশুদের ঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এনেছে।
