লোডসেডিং নিয়ে পোস্ট শেয়ার দেওয়ায়, ‘ছাত্রলীগের লোক’ বলে বিএনপি পরিবারের তরুণকে মারধর করেছে ছাত্রদল

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় বিএনপি পরিবারের এক তরুণকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।


রোববার দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশে ‘নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদ’ নামে একটি ক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগের শিকার ২২ বছর বয়সী আরাফাত হোসেন উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলার বাসিন্দা এবং সরকারি সফর আলী কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার চাচা দাইয়ান ফকির শ্রমিক দলের বিশনন্দী ইউনিয়ন শাখার সহসভাপতি।


পরিবারের অভিযোগ, আড়াইহাজার থানার পাশে মোটরসাইকেল রেখে জিমে যান আরাফাত। পরে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় তাকে ধরে পাশের একটি ক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ছাত্রদলের আড়াইহাজার পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সানির নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।


আরাফাতের চাচা দাইয়ান ফকিরের দাবি, লোডশেডিং নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করায় আরাফাতকে ‘ছাত্রলীগ’ ও সাবেক সংসদ সদস্যের লোক আখ্যা দিয়ে মারধর করা হয়। এমনকি জোরপূর্বক একটি ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


পরিবারের আরও অভিযোগ, দুই দফায় বিকাশের মাধ্যমে মোট ২০ হাজার টাকা নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে আরাফাতকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।


আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ক্লাবের ভেতরে আটকে রেখে তরুণকে মারধরের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এদিকে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন জানান, আরাফাতকে মারধরের খবর তিনি পেয়েছেন। তার ভাষ্য, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
তবে ছাত্রদল নেতা আতাউর রহমান সানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ