গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) টঙ্গী পশ্চিম থানায় পাঁচজন এবং টঙ্গী পূর্ব থানায় একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে টঙ্গী পশ্চিম থানার পুলিশ পাঁচজনকে এবং টঙ্গী পূর্ব থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গ্রেপ্তারদের আদালতে পাঠানোর সময় টঙ্গী পূর্ব থানার ভেতরে অপেক্ষমাণ স্বজন ও সমর্থকদের কয়েকজনকে প্রকাশ্যে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেন।
তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় ও তাদের বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।
