একটি টেলিভিশন টকশোতে সিলেটিদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী হুমায়রা নুর। তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী সিলেটিরা।
সম্প্রতি একটি টকশোতে আলোচনার সময় হুমায়রা নুর সিলেটিদের প্রসঙ্গে বলেন, সিলেটিরা লন্ডনে বসবাস করেন এবং বাংলাদেশের অন্য অঞ্চল থেকে কেউ লন্ডনে গেলে তারা তা পছন্দ করেন না। একইসঙ্গে তিনি সিলেটিদের বাংলা বলার দক্ষতা নিয়েও মন্তব্য করেন।
তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের অভিযোগ, একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষকে সামগ্রিকভাবে চিহ্নিত করে এ ধরনের মন্তব্য আঞ্চলিক বৈষম্য ও বিদ্বেষকে উসকে দিতে পারে।
সিলেটের বিভিন্ন মহল থেকে হুমায়রা নুরের বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে তাকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিষয়টি নিয়ে সিলেটিদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে হুমায়রা নুরের বক্তব্যের নিন্দা জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
