বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মারুফ উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি জামায়াতের কর্মী এবং দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। তবে উপজেলা জামায়াতের নেতারা তাকে দলের কেউ নন বলে জানিয়েছেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪ দশমিক ৫ গ্রাম। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের সময় পালানোর চেষ্টা করে পড়ে গিয়ে তিনি আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
