রাজধানীর মিরপুরে অবস্থিত দেশের সুনামধন্য পোশাক কারখানা ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ আগস্ট) থেকে কারখানাটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান ফয়সাল কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে তিনি জানান, শুধু ব্যবসায়িক মন্দা নয়, কিছু মানুষের স্বার্থান্বেষী কর্মকাণ্ডের কারণেও প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়েছেন। গত দুই বছরে বিভিন্ন কারণে কারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়েছে বলে জানান তিনি।
চিঠিতে তিনি প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের পাওনাদারদের পাওনা পরিশোধ এবং ভবিষ্যতে পুরোনো কর্মীদের জন্য পুনরায় কর্মসংস্থানের সুযোগ তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
