রংপুরে স্ত্রী-সন্তানসহ নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদ পানি দিয়ে ধুয়ে ফেলার অভিযোগ তুলেছেন এক অভিযুক্তের স্বজনরা। তবে পুলিশের দাবি, ছাদ ধুয়ে ফেলার জন্য নয়, বরং ভুল করে মোটরের সুইচ চালু হওয়ায় ট্যাংক উপচে পানি পড়ে ছাদ ভিজে যায়।
এর আগে হত্যাকাণ্ডে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের স্বজনরা দাবি করেন, নিহতের বাড়ির ছাদ পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে গ্রেপ্তার সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাস জানান, সন্ধ্যার পর বাড়ির লাইট বন্ধ ছিল। সে সময় তিনি দেখেন বাড়ির ছাদ থেকে পানি পড়ছে। বিষয়টি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলে তারা জানান, ভুল করে সুইচ চাপায় মোটর চালু হয়ে ট্যাংক উপচে পানি পড়েছে।
পার্থ দাস জানান, এ সময় পুলিশের সদস্যরা তাকে বিষয়টি অন্য কাউকে না জানাতে অনুরোধ করেন। পরে তারা জানতে চান, তিনি নিহত পরিবারের কে হন। পার্থ জানান, ‘আমি খুনির ভাই।’ এ কথা শোনার পর পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন বলে দাবি তার।
তবে মামলাটির দায়িত্বে থাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে কেউ একজন লাইটের সুইচের পরিবর্তে মোটরের সুইচ চাপায় পানি উপচে পড়ে।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি বাড়ির তিনতলার ছাদ থেকে দেখা যায়, গণপতির বাড়ির ছাদ পানিতে ভেজা। তবে ছাদের একটি অংশ শুকনো ছিল। ছাদটি মুছে ফেলার কোনো স্পষ্ট চিহ্নও দেখা যায়নি।
মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবির উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘ভুল করে আমাদের কেউ হয়তো মোটর চালিয়ে দিয়েছিল। লাইটের সুইচ দিতে গিয়ে মোটরের সুইচ দিয়ে ফেলেছে। মোটর চলার পর পানি উপচে পড়ায় পরে সেটি বন্ধ করা হয়। এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব নেই।’
এর আগে গত শনিবার (২২ আগস্ট) নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), তাদের মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৪) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।
হত্যাকাণ্ডের ঘটনায় গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পরে এ ঘটনায় প্রতিবেশী দুই যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডে নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
