এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পরও প্রথম ছয় মাসে কর্মসংস্থানের চিত্রে উল্টো সংকট দেখা দিয়েছে বলে দাবি করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়ে বিভিন্ন খাতে প্রায় ৬২ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। একই সময়ে নানা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে অন্তত ৯৫টি কারখানা।
সিপিডির পর্যবেক্ষণে বলা হয়েছে, দেশের শিল্প ও কর্মসংস্থান পরিস্থিতিতে একাধিক সংকট তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা এবং ব্যবসায়িক পরিবেশের নানা প্রতিবন্ধকতা শিল্প খাতকে চাপে ফেলেছে।
সংস্থাটি আরও বলেছে, জ্বালানি সংকট সমাধানে সরকারের কার্যকর সক্ষমতার ঘাটতি রয়েছে। সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
সিপিডির বিশ্লেষণ অনুযায়ী, অর্থনীতির ৬২ শতাংশ সূচকই নিম্নমুখী। এর ফলে কর্মসংস্থান, শিল্প উৎপাদন ও বিনিয়োগসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।
গবেষণা সংস্থাটির মতে, বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের সক্ষমতায় বড় ধরনের ঘাটতি রয়েছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে কর্মসংস্থান ও শিল্প খাতের সংকট আরও গভীর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
