ফরিদপুরের নগরকান্দা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ও তার সহযোগীর বিরুদ্ধে হাসিবুল হাসান আব্দুল্লাহ নামের এক ঠিকাদারকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
আহত ঠিকাদারের অভিযোগ, ২০২৩ সালের আইইউআইডিপি প্রকল্পের আওতায় সম্পন্ন করা তিনটি সড়কের বিল ছাড়ানোর জন্য তার কাছে ১৫ শতাংশ ঘুষ দাবি করা হচ্ছিল। বুধবার আটকে থাকা বিলের বিষয়ে কথা বলতে গেলে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে তাকে জিআই পাইপ দিয়ে মারধর করা হয়।
তবে পৌর কর্মকর্তা ঘুষের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অসম্পূর্ণ কাজের কারণে বিল আটকে দেওয়ায় ঠিকাদার নিজেই প্রথমে হামলা চালান। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
