বিদ্যুৎ ব্যবস্থাপনা জোরদার ও অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) থেকে সারা দেশের সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরণের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং যেকোনো ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বুধবার এক নির্দেশনায় নতুন এ সময়সূচির কথা নিশ্চিত করেছে।
এর আগে গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল ও মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় এনে সেই সময়সীমা ১ ঘণ্টা এগিয়ে এনে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সরকারের নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের যেকোনো প্রান্তে চলমান বা পরিকল্পিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকেও বাধ্যতামূলকভাবে রাত ৮টার মধ্যে গুটিয়ে নিতে হবে।
তবে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে জরুরি সেবা খাতগুলোকে এই বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে। ফলে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকান যথারীতি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
বিদ্যুৎ বিভাগ থেকে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমানো এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ।
