আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

অবশ্যই পরুন

একাধিক মিথ্যা মামলার আসামি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান (মনির খান) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, গত ৯ জুন কারাগারে থাকা অবস্থায় তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ জুন থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় দুই মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

মনির খানের বিরুদ্ধে ঢাকায় ৬টি এবং পটুয়াখালী সদর থানায় ২টিসহ মোট ৮টি মামলা ছিল। গ্রেপ্তারের পর প্রায় ১১ মাস কারাগারে ছিলেন তিনি। পরিবারের দাবি, মৃত্যুর আগে সব মামলায় তিনি জামিন পান। সর্বশেষ মামলায় ৩০ জুলাই জামিন মঞ্জুর হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে হাতকড়া খুলে নেওয়া হলেও তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি বলে পরিবারের দাবি।

মনির খান পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ