৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় জামালপুরে সাবেক উপজেলা জামায়াত আমির গ্রেপ্তার

অবশ্যই পরুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪ জানায়, তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া প্রতারণাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরবর্তীতে সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে।

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ