জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের বিএনপির মারধর, আহত ২

অবশ্যই পরুন

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয় এবং অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ কয়েকজনের ওপর চড়াও হন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন নেতাকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাদের বের করে দেওয়া এবং জাকির হোসেন মিন্টুকে মারধরের দৃশ্য দেখা যায়।

জাকির হোসেন মিন্টুর অভিযোগ, তিনি সরকার স্বীকৃত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে মারধর করা হয়েছে। অন্যদের সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেও দাবি করেন তিনি।

ইমরান আল নাজির অভিযোগ করেন, প্রশাসনের সামনেই এ ঘটনা ঘটলেও কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অভিযোগ অস্বীকার না করে বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু বলেন, অনুষ্ঠানে তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্টদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তার ধারণা, ঘটনাটি আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরুর আগেই ঘটেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ